মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শেষ হয়েছে। ফলে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শেষ হয়েছে। বিচারিক কার্যক্রম শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার (১৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ সিদ্ধান্ত জানান। ফলে যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।

মামলার আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামিই পলাতক।

শুনানিতে রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়েছিল। অডিও-ভিডিওতে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির (শুট অ্যাট সাইট) নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তার দাবি, এই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, আন্দোলন দমনের অভিযানে একজন মানুষ মারা গেলেও নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে আসামিরা অপরাধী হিসেবে গণ্য হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত