বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে নতুন ওপেনারকে ডাকল অজিরা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শোচনীয় হারের পর নড়েচড়ে বসারই কথা ছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেচন্টের। যার প্রথম নিদর্শন মিলল দ্বিতীয় টেস্টের দল ঘোষণাতেই। ডারউইন শান্ত-হাসানের দাপটের ম্যাচে বিশাল পরাজয়েরহ বড় ধাক্কা খাওয়ার পর ম্যাকেতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

ডারউইন টেস্টে বোলিংটা মন্দের ভালো হলেও ব্যাটিংয়েই বেশি হতাশ হয়েছে অজিরা। যার মূলে ছিল ওপেনার জেক ওয়েদারল্ড। প্রথম ইনিংসে ২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানেই। এতেই পরের টেস্টে দলে জায়গা হারিয়েছে এই বাঁহাতি ব্যাটার। স্থলাভিষিক্ত করা হয়েছে ম্যাট রেনশকে। এতেই দ্বিতীয় টেস্টে নতুন ওপেনারকে নিয়ে সিরিজ বাঁচানোর কঠিন ও অস্তিত্বের লড়াই নামবে অজিরা।

ওয়েদারল্ডের টেকনিক নিয়ে অফ-সিজন থেকেই আলোচনা চলছিল। কাউন্টি ক্রিকেটে সময় কাটিয়ে নিজের ব্যাটিং স্টাইলে কিছুটা পরিবর্তন আনলেও ডারউইনে হাসান মাহমুদের পেস তোপের মুখে দুই ইনিংসেই অসহায় আত্মসমর্পণ করতে হয় তাকে। ম্যাচ শেষে তার টেকনিকের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘হ্যাঁ, জেকের ক্ষেত্রে তার সেটআপ এবং মুভমেন্ট প্যাটার্নে কিছু পরিবর্তন এসেছিল। ছোট স্যাম্পল সাইজ দেখে মূল্যায়ন করা সবসময়ই কঠিন। সে প্রথম ইনিংসে ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছে। তাই এই অল্প অভিজ্ঞতার ভিত্তিতে বলা কঠিন যে চাপের মুখে এই কৌশল কতদূর টিকবে।’

নিজের ভবিষ্যৎ নিয়ে ওয়েদারল্ড নিজেও বেশ সচেতন ছিলেন। সিরিজ শুরুর আগে এই ব্যাটার জানিয়েছিলেন, ‘আপনাকে সব সময়ই রান করতে হবে। আমার সামনে দুটি ম্যাচ খেলার এবং রান করার ভালো সুযোগ রয়েছে, আশা করি চার ইনিংসে সেই সুযোগ কাজে লাগাতে পারব। যদি তা করতে না পারি, তবে নিজের ভাগ্য অন্য কারও হাতে তুলে দেব।’ তার সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো এবং বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়তে হলো।

তার পরিবর্তে সুযোগ পাওয়া রেনশ দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে ফিরলেন। শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে তাকে মূল দলে আনা হয়েছে। অজিদের হয়ে লাল বলের এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৪ ইনিংসে ৬২৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। 

এছাড়া মারনাস লাবুশেনও ফর্মহীনতার কারণে বড় চাপের মুখে রয়েছেন। ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে ওপেনিং পজিশনে থিতু হওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে প্রতিনিয়ত নতুন মুখ ট্রায়াল দিতে হচ্ছে। উসমান খাজার পর থেকে ওপেনিংয়ে ধারাবাহিকতার অভাব এখন অজিদের প্রধান মাথা ব্যথার কারণ। ম্যাকেতে পরবর্তী টেস্টটি তাই প্যাট কামিন্সদের জন্য কেবল ম্যাচ জেতার লড়াই নয়, বরং নিজেদের গৌরব রক্ষা করার চ্যালেঞ্জ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত