২৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনার উদ্যোগ নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম। চলছে জোর প্রস্তুতি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ মঞ্চে আনছেন তারা। বুধবার (১৯ আগস্ট) এবং পরদিন বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্র্যাক বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পর পর দুটি শো হবে ‘রক্তকরবী’র। বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম বিভাগ ও ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরামের যৌথ উদ্যোগ ও সহযোগিতায় মঞ্চস্থ হচ্ছে নাটক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হেড অব স্টুডেন্ট লাইফ তাহসিনা রহমান বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে বার্ষিক নাট্য প্রযোজনায় ‘রক্তকরবী’ একটি অনন্য ও ঐতিহাসিক উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘রক্তকরবী’ অবলম্বনে এটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনার উদ্যোগ।
তিনি আরও বলেন, এই প্রযোজনা শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা, নিষ্ঠা ও দলগত কাজের এক অসাধারণ প্রকাশ। রজতজয়ন্তীর এই প্রযোজনা কেবল একটি নাট্য পরিবেশনা নয়, এটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার্থীদের সম্ভাবনার এক উজ্জ্বল উদ্যাপন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরামের প্রেসিডেন্ট রায়া নওশীন মাহপারা বলেন, ‘২০০৩ সালে যাত্রা শুরু করেছিল ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম। সেই থেকে আমাদের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাট্যচর্চায় সম্পৃক্ত করা। একই সঙ্গে তাদের বাংলা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ও নিজেদের শিকড়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখা।’ ‘রক্তকরবী’ প্রসঙ্গে তিনি বলেন, ‘রক্তকরবী শুধু একটি নাটক নয়, এটি আমাদের শিল্পী, কলাকুশলী, সদস্য এবং সহযোগীদের সম্মিলিত শ্রম, সময়, আবেগ ও ভালোবাসা।’
এদিকে প্রযোজনাটির নির্দেশক শ্রেয়শ্রী সরকার বলেন, ‘রক্তকরবী আমার কাছে কেবল একটি নাটক নয়; এটি মানুষ, ক্ষমতা এবং মুক্তির অনন্ত অনুসন্ধানের এক নাট্যভাষা। সময়ের সঙ্গে শোষণের রূপ বদলায়, ক্ষমতার মুখোশ বদলায়, কিন্তু মানুষের স্বাধীন সত্তাকে নিয়ন্ত্রণ করার প্রবণতা একই থাকে। তাই এই নাটক আজও আমাদের সময়কে গভীরভাবে প্রশ্ন করে।’ তিনি আরও বলেন, ‘এই প্রযোজনায় “রক্তকরবী”কে কোনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে নয়, সমকালীন বাস্তবতার আলোকে পুনরায় পাঠের চেষ্টা করা হয়েছে। উন্নয়নের ভাষ্য, ভোগবাদ, অদৃশ্য ক্ষমতার কাঠামো এবং মানুষের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার ভেতর আমরা যক্ষপুরীকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেছি।’
তাদের কাছে যক্ষপুরী কোনো দূরবর্তী কল্পলোক নয়, বরং এই সমাজেরই একটি প্রতীক। এই ভাবনাকে প্রকাশ করতে শরীর, কোরাস, সংগীত, আলো, প্রতীকী দৃশ্যবিন্যাস এবং সমকালীন মঞ্চভাষাকে একত্র করেছে দলটি। উদ্দেশ্য, রবীন্দ্রনাথকে আধুনিক করে তোলা? না, বরং তার চিন্তার সঙ্গে এখনকার সময়ের একটি সৃজনশীল সংলাপ নির্মাণ। তারা সফল হয় কি না তা বলতে পারবেন দুদিনের শো দেখা দর্শক। রঞ্জনের স্বাধীনচেতা মন ও নন্দিনীর অদম্য জীবনবোধ যক্ষপুরীর কঠোর শৃঙ্খলকে প্রশ্নের মুখে দাঁড় করায়। ক্ষমতা ও শোষণকে অতিক্রম করে মানবমুক্তি ও জীবনের জয়গানই হয়ে ওঠে নাটকটির মূল সুর।
ফেনীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার তাগিদ তথ্যমন্ত্রীর
ভালুকায় পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কমিটি গঠন