মান্নতে একজোড়া দাঁড়াশ সাপ, চিন্তিত শাহরুখ খান

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রায় সাধের বাড়ি মান্নত-এ সাপের হানা। সোমবার (১২ আগস্ট) রাতে বাড়িতে হঠাৎ দেখা মেলে দু’টি সাপের। খবর পেয়ে শুরু হয় তাদের সরানোর তৎপরতা। শেষপর্যন্ত একটি সাপকে নিরাপদে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অন্যটি লোকজনের গতিবিধিতে ভয় পেয়ে পালিয়ে যায় বলে খবর। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, রাত ৮টা নাগাদ মান্নতে সাপ দু’টি ঢুকে পড়ার পরে সঙ্গে সঙ্গে বন দপ্তরে আধিকারিকদের খবর দেওয়া হয়। মান্নতে পৌঁছে উদ্ধারকারী দল ও বন দপ্তরের আধিকারিকরা দেখেন, উঠোনের সিঁড়ির নীচে লুকিয়ে রয়েছে একটি সাপ। পরীক্ষা করে জানা যায়, সেটি ইন্ডিয়ান র‌্যাট স্নেক, যা ঢ্যামনা বা দেশি দাঁড়াশ সাপ বলেও পরিচিত। স্বস্তির বিষয়, মোটেই বিষধর নয় এই সাপ। উদ্ধারকারীরা কাছে যেতেই আতঙ্কে কুণ্ডলী পাকিয়ে যায় সাপটি। শেষপর্যন্ত সেটিকে উদ্ধার করা সম্ভব হয়। বন দফতরের নিয়ম মেনে পরে প্রাকৃতিক পরিবেশে ছেড়েও দেওয়া হয় সাপটিকে। 

তবে দ্বিতীয় সাপটিকে ধরা যায়নি। বাসার চত্বরে লোকজনের চলাফেরায় ভয় পেয়ে সেটি পালিয়ে যায়। উদ্ধারকারী দল চেষ্টা করেও তার আর কোনো সন্ধান পায়নি। শাহরুখের বাড়িতে এই ঘটনার কয়েক মাস আগেই সাপের দেখা মিলেছিল সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। পরিবারের সঙ্গে সেখানেই থাকেন অভিনেতা। চলতি বছরের গোড়ায় তার বাড়িতে একটি সাপ ঢুকে পড়েছিল। খবর পেয়ে সাপ উদ্ধারকারীকে ডাকা হয়। শেষপর্যন্ত সাপটিকে ধরে বন দপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত