বাংলাদেশ হকিতে তৈরি হলো এক নতুন ইতিহাস। এই প্রথম জাতীয় হকি দলের চূড়ান্ত স্কোয়াডে একসঙ্গে স্থান করে নিয়েছেন দুই ভাই—অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি ও তাঁর ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় পর্দা উঠছে এশিয়ান গেমসের। টুর্নামেন্টটিকে সামনে রেখে ঘোষিত ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে দুই ভাইয়ের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
বাংলাদেশের কিংবদন্তি হকি ব্যক্তিত্ব ও কোচ আব্দুর রাজ্জাক সোনা মিয়ার দুই সন্তান জিমি ও রাকিন। বাবার হাত ধরেই হকির আঙিনায় পদার্পণ করেছিলেন তাঁরা। ৩৯ বছর বয়সী জিমি বহু আগেই দেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বয়সের কারণ দেখিয়ে গত বছর ফেব্রুয়ারিতে বাদ পড়লেও, ২০২৩ এশিয়াডের পর আবারও জাতীয় দলে ফিরেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
অন্যদিকে, ২৯ বছর বয়সী ছোট ভাই রাকিন ঘরোয়া হকিতে দীর্ঘ সময় ধরে আলো ছড়িয়েছেন। উষা ও অ্যাজাক্সে খেলার পর গত তিন মৌসুম ধরে তিনি ঢাকা মোহামেডানের প্রতিনিধিত্ব করছেন। বয়সভিত্তিক দল পার করে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। চলতি বছরের এপ্রিলে ব্যাংককে এশিয়ান গেমসের বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয় তাঁর। এবার মূল স্কোয়াডে বড় ভাইয়ের পাশে থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্নপূরণ হতে যাচ্ছে রাকিনের।
জার্মানি সফর ও প্রস্তুতি পরিকল্পনা এশিয়ান গেমসে নামার আগে দলকে অনুশীলনের জন্য জার্মানিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের। তবে এখন পর্যন্ত খেলোয়াড়দের ভিসা মেলেনি। ভিসা জটিলতা না কাটলে বিকল্প ব্যবস্থার সিদ্ধান্ত রোববার জানা যাবে।
ঘোষিত ১৮ সদস্যের বাংলাদেশ হকি দল: রাসেল মাহমুদ জিমি, খালেদ মাহমুদ রাকিন, বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, রোমান সরকার, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, পুষ্কর খীসা, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম ও রাকিবুল হাসান।
স্ট্যান্ড-বাই: মেহরাব হাসান, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।
চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন: আল নাহিয়ান, ফজলে হোসেন ও আমান শরিফ।