মেহেরপুরের বোমারু হোসেন কুমিল্লা থেকে গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

মেহেরপুরের হোসেন আলী ওরফে বোমারু হোসেনকে (৪০) কুমিল্লার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে মেহেরপুর পুলিশ। তার বাড়ি গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে দুটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টী জনযুদ্ধ গ্রুপের সক্রিয় সদস্য ছিলো। গ্রেপ্তার হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, সম্প্রতি গাংনী উপজেলার বিভিন্ন নেতা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে হুমকি ও চাঁদা চেয়ে বোমা ফেলে যায়। খবর পেয়ে প্রায় ৩০টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তুগুলোর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সন্ধান পায় পুলিশ। পরে তার অবস্থান শনাক্ত করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর হোসেন আলীর দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত ৪ টার দিকে গাংনীর পূর্ব মালসাদাহে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো স্থান থেকে দুটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, হোসেন আলীর বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মাঝেমধ্যে এলাকায় গিয়ে বোমা রেখে আতঙ্ক তৈরি করে চাঁদা সংগ্রহ করতেন। সেই সাথে এলাকায় চরমপন্থী সংগঠনকে আবার সংগঠিত করতে গোপন জীবন বেছে নিয়েছিলেন। 

গাংনী থানার ওসি জানান, তাকে গ্রেপ্তার ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত