চলে গেলেন মাইকেল রাইট

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

না ফেরার দেশে পাড়ি দিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা মাইকেল। তার বয়স হয়েছিল ৭০ বছর। ২১ আগস্ট তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী সুসান রাইট। হঠাৎ এই তারকার প্রয়াণে হলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় সুসান রাইট লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমার প্রিয় স্বামী মাইকেল রাইট আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি কেবল একজন অসাধারণ শিল্পীই ছিলেন না; ছিলেন একজন চমৎকার স্বামী, বাবা ও বন্ধু। তার সৃষ্টি ও অভিনয় দিয়ে তিনি বহু প্রজন্মের হৃদয় স্পর্শ করে গেছেন।’ 

পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে পরবর্তী সময়ে তার স্মরণে শেষকৃত্যের বিস্তারিত জানানো হবে। ১৯৮৩ সালে ‘স্ট্রিমার্স’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য মর্যাদাপূর্ণ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার ‘ভোলপি কাপ’ অর্জন করেছিলেন মাইকেল রাইট। অভিনয় জীবনের শুরুতেই এই বিশ্বমানের স্বীকৃতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি এনে দেয়।
তবে ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত রবার্ট টাউনসেন্ডের কালজয়ী মিউজিক্যাল ড্রামা ‘দ্য ফাইভ হার্টবিটস’-এ ‘এডি কিং জুনিয়র’ চরিত্রে অভিনয় করে তিনি প্রতিটি চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে স্থান করে নেন। 

সিনেমার মূল গায়ক হিসেবে তার উত্থান, মাদকের সঙ্গে লড়াই এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর এক আবেগঘন গল্প পর্দায় অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন রাইট, যা আজীবন তার ক্যারিয়ারের সেরা অভিনয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিজীবনে স্ত্রী সুসান, পাঁচ সন্তান এবং নাতি-নাতনিসহ অসংখ্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এই অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত