রংপুর নাট্য ফোরামের আয়োজনে সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব শুরু হয় ৮ থেকে ১৪ আগস্ট বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হচ্ছে নানা নাটক ও নান্দনিক প্রযোজনা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঢাকার নাট্যদল বিবেকানন্দ থিয়েটার-এর আলোচিত একক নাটক ‘ভাসানে উজান’। গত ১৩ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় দর্শকদের উপচেপড়া ভিড়ে মিলনায়তন হয়ে ওঠে প্রাণবন্ত। নাটকটি উপভোগ করতে নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টল স্পিরিট’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর পুরো নাটকজুড়ে একক অভিনয়ে মঞ্চ মাতিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান।
একজন অভিনেতাকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ নাটকে উঠে এসেছে মানুষের অন্তর্জগতের টানাপোড়েন, নিঃসঙ্গতা, ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং অস্তিত্বের গভীর সংকট। কণ্ঠ, শরীরী অভিব্যক্তি, আবেগ ও অভিনয়ের বহুমাত্রিক প্রকাশের মধ্য দিয়ে একাই মঞ্চে একটি বিস্তৃত নাট্যজগৎ নির্মাণ করেন এরশাদ হাসান। তাঁর সাবলীল ও শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করে। রংপুরে প্রদর্শনীর মধ্য দিয়ে ‘ভাসানে উজান’ পূর্ণ করেছে এর ১০ম প্রদর্শনী। এ উপলক্ষে নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। প্রদর্শনী শেষে দর্শকের স্বতঃস্ফূর্ত প্রশংসা ও করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
এদিকে নাট্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব’-এর পক্ষ থেকে অভিনেতা মো. এরশাদ হাসানকে নাট্যোৎসব সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের সময় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাট্যোৎসবের মঞ্চে এই স্বীকৃতি তাঁর অভিনয়জীবনে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় ও অভিনেতা এরশাদ হাসানের মঞ্চ-সমন্বয়ে ‘ভাসানে উজান’ একক অভিনয়ের প্রচলিত সীমাকে অতিক্রম করেছে। সীমিত মঞ্চপরিসরে মানুষের আবেগ, সম্পর্ক ও অন্তর্দ্বন্দ্বের বহুমাত্রিক প্রকাশই প্রযোজনাটির অন্যতম শক্তি।
আয়োজকদের মতে, ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬’ রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে। সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে তৈরি হচ্ছে নতুন সেতুবন্ধন। পাশাপাশি রংপুরের নাট্যচর্চাকে আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্লিভলেসেই শোরগোল ফেললেন স্পর্শিয়া
মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু ভরাটের দায়ে ২ জনকে জরিমানা
সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে: শহিদুল ইসলাম বাবুল