সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের লক্ষ্যে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিগত সময়ে বঞ্চিত সৈনিক ও কর্মকর্তাদের আবেদনের যথাযথ মূল্যায়ন করে তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি দেশের সকল সিএমএইচে অবসরপ্রাপ্ত সদস্যদের পরিবারের চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, রেশন ভাতা ২,৫০০ টাকায় উন্নীত করা অথবা দ্রুত 'ওয়ান র্যাংক ওয়ান পেনশন' বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। এছাড়া একটি স্বতন্ত্র ভেটেরান্স মন্ত্রণালয় গঠন বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলাদা সেল তৈরি, উপজেলা পর্যায়ে নিরাপত্তা ও সহায়তায় ভেটেরান্স হেল্প ডেস্ক স্থাপন, এক্স-ফোর্সেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঢাকা সিএমএইচে আসা রোগীর এটেন্ডেন্টদের আবাসনের ব্যবস্থা করার দাবি তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.) প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্বাস দেন যে, প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও বাহিনী প্রধানদের সহযোগিতায় উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বিবেচনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সাক্ষাতে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট মুশফিকুর রহিম রনি, জয়েন্ট সেক্রেটারি পেটি অফিসার জাহিদুল ইসলাম (অব.), জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মেজবাউর রহমান (অব.), সার্জেন্ট হুমায়ুন, ওয়ারেন্ট অফিসার বাশার, সৈনিক আলাল, সার্জেন্ট তাজুল, ল্যান্স কর্পোরাল আলাল এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামসুল হক ও ফ্লাইট লেফটেন্যান্ট হারুন (অব.) উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে, সমন্বিত প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত সদস্যদের দীর্ঘদিনের এসব দাবি দ্রুত সমাধান হবে।