ঈশ্বরদীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট জিরো পয়েন্ট চত্বর থেকে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে শনিবার (২২ আগস্ট) গভীর রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে পাবনা জেলা বিএনপি।

ঘোষিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্যসচিব করা হয়েছে শরিফুল ইসলাম তুহিনকে। অন্যদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাহবুবুর রহমান পলাশকে এবং সদস্যসচিব করা হয়েছে ইমরুল কায়েস সুমনকে।

কমিটি ঘোষণার পর থেকেই ঈশ্বরদীতে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের মূল্যায়ন করা হয়েছে—এমন অভিযোগ তুলে রোববার রাতে দলের একটি বড় অংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন।

এ সময় বিক্ষোভকারীরা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বিষ্ণু কুমার সরকার, আনোয়ার হোসেন জনি, খোন্দকার আমিরুল ইসলাম, সাহাব উদ্দিন সেন্টু সরদার, মরিউল ইসলাম টুটুল সরদার, মো. নান্নু রহমান, ইলিয়াস হোসেন খান এলবাস, মনিরুল ইসলাম সাবু, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহামুদুর রহমান ফুল জুয়েল, আওয়াল কবীর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু ও নাজমুল হাসান রিসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানান।

বিক্ষোভে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করেন, গত ১৭ বছর পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে যারা ঈশ্বরদীতে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে বিএনপি নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তারা।

তারা অবিলম্বে বিতর্কিত ও অগ্রহণযোগ্য কমিটি বাতিলের দাবি জানান।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জনি বলেন, ‘বিএনপির পরীক্ষিত ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এক পক্ষকে সঙ্গে নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীরা মানেন না।’

তিনি আরও বলেন, অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত