বুনিয়াদি প্রশিক্ষণে চবি প্রভাষক আশরাফুলের দুই পুরস্কার

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম চার মাসব্যাপী বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও প্রথম স্থান অর্জনের জন্য মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট (HEAT) প্রকল্পের অধীনে চার মাসব্যাপী এ বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। 

দেশের প্রায় ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী দুটি ব্যাচে বিভক্ত হয়ে এ প্রশিক্ষণে অংশ নেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আধুনিক শিক্ষাদান ও শিখন-পদ্ধতি, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, গুণগত মান নিশ্চিতকরণ এবং অনলাইন শিক্ষাদান বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের কাছ থেকে ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড গ্রহণ করেন মো. আশরাফুল ইসলাম। একই অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামের কাছ থেকে মেরিট অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে শিক্ষাদান ও শিখন-পদ্ধতি, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, গুণগত মান নিশ্চিতকরণসহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বিশ্বাস করি, প্রশিক্ষণ থেকে অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতা আমার পেশাগত জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারব। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে শিক্ষাদান, শেখার পরিবেশ এবং উচ্চশিক্ষার সামগ্রিক মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি।’ 

তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও হিট প্রকল্পের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে এ ধরনের গুরুত্বপূর্ণ পেশাগত উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান। এ ছাড়া হিট প্রকল্পের অধীন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন।

প্রশিক্ষণে মো. আশরাফুল ইসলামের এ অর্জন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবজনক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত