বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে আসিব হোসেন (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসিব হোসেন ওই গ্রামের ভ্যানচালক আয়লান শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন আয়লান শেখ। বাড়িতে ফিরে তিনি গোয়ালঘরে গরুর খাবার না থাকায় ছেলে আসিবকে এ বিষয়ে বকাঝকা করেন। এ নিয়ে বাবার সঙ্গে অভিমান করে আসিব বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টা পার হলেও আসিব বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। 

এক পর্যায়ে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন তৈরি করে।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত