স্বাস্থ্য বিভাগে অনিয়ম মেনে নেওয়া হবে না: মন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

স্বাস্থ্য বিভাগে অনিয়ম মেনে নেওয়া হবে না বলে কঠোর হুয়াশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। প্রয়োজনে চাকরি ছেড়ে চলে যাবার পরামর্শ দেন তিনি।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছরে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। পর্দা ও বালিশকাণ্ডের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কিন্তু এসব অনিয়মের পরও স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি। ফলে হাসপাতালগুলোতে এসে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র দেখা হচ্ছে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের তিনজন সিনিয়র সেবিকা রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে মন্ত্রী সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. মাহমুদুল হাসান, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হাফিজুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মমিনুর রহমান সরকার, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামানসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত