কুনমিংয়ে বাংলাদেশের ১৭ সদস্যের স্বাস্থ্য প্রতিনিধিদল প্রশিক্ষণে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম

চীনের কুনমিংয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদলের প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিটি ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ইউনান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক কার্যালয় এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আক্তার রানু কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ চিকিৎসা ও স্বাস্থ্য পেশাজীবী বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি তাঁর বক্তব্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

কনসুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি এ কর্মসূচিতে প্রতিনিধিদলের জন্য কুনমিংয়ের স্বনামধন্য স্থানীয় হাসপাতাল ও ওষুধ কোম্পানিতে সরেজমিন পরিদর্শনেরও ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নত চিকিৎসাপদ্ধতি, সুবিধা ব্যবস্থাপনা এবং ওষুধ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরশাদ মিয়া প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের উপ-মহাপরিচালক মা জুওশিন, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিয়া শুয়েশান, ইউনান প্রদেশের শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং বাংলাদেশি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত