সহকর্মীদের কটাক্ষের মুখে পপি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

ঢাকাই সিনেমার অনেক তারকা অভিনেত্রীই অতীতের কৃতকর্মের জন্য অনুতাপ করে বর্তমানে ধর্মে-কর্মে মনযোগী হয়ে উঠেছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ঢালিউডের এক সময়ের তুমুল চাহিদাসম্পন্ন এই গ্ল্যামারকন্যা অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে সরে গিয়ে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত। এবার এই তারকার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পত্র-পত্রিকাতেও প্রকাশ পেয়েছে পপির মন্তব্য। পপি তার বক্তব্যে বলেছেন,জীবনের বাকি সময়টা আল্লাহ-খোদার নাম নিয়ে কাটাতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়ে-মুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশার কথাও জানান তিনি।  পপির এমন মন্তব্যের পর নেটিজেনের একাংশ তাকে সমালোচনা করছেন। শুধু নেটিজেনই নয়,  বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনের কয়েকজন শিল্পী এমনকি সহকর্মীরাও নিজেদের মতামত প্রকাশ করছেন। চিত্রনায়ক বাপ্পারাজ বলেছেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম অনেকটা খোঁচার ভঙিতে জয় লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হত। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন—আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’ অভিনেত্রীদের উদ্দেশে জয় বলেন, ‘ইবাদতের সময় ভক্তদের জন্যেও দোয়া কইরেন। আর বর্তমানে যারা জনপ্রিয়, তারাও কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপর হজ করে আল্লাহর পথে চলে এলাম?’

এদিকে একসময়ের বিতর্কিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আজ। সেখানে পপির নাম সরাসরি উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’ এরপর সংস্কৃতিচর্চায় শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে প্রভা লিখেছেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়ত একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক। শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত