সার্জিও গরের পোস্ট

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আরও বোয়িং কিনবে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে হওয়া নতুন চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ এ উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। গত রবিবার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর তার এক এক্স পোস্টে এ তথ্য জানান। তবে বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ নতুন করে কতগুলো উড়োজাহাজ কিনবে, সেটি উল্লেখ করেননি সার্জিও গর।

ভারতে নিযুক্ত মার্কিন এ রাষ্ট্রদূত তার পোস্টে জানান, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি অসাধারণ চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগেই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং কোম্পানির কাছ থেকে ৩.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পাদন করে। ওই চুক্তি অনুযায়ী, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা এবং বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছিল। এবার বিশেষ দূতের নতুন বার্তায় বোয়িং বহর আরও বড় করার স্পষ্ট আভাস পাওয়া গেল।

গত ৩০ জুলাই থেকে তিন দিনের বাংলাদেশ সফর করে গেছেন সার্জিও গর। ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার আগে সার্জিও গর তার এক্সে পোস্টে দুই দেশের সহযোগিতা জোরদারে অপার সম্ভাবনা আর অংশীদারত্ব বাড়ানোর আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত