বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাই

ছাত্রদলের দুই নেতা বহিষ্কার রিমান্ড শেষে দুজন কারাগারে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। কারাগারে যাওয়া দুজন হলেন আল-আমিন শান্ত ও আব্দুর রউফ। একদিনের রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সাব্বির হোসেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক দুই আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

এদিকে এ ঘটনায় জড়িত থাকায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ ছাত্রদল নেতাদের বহিষ্কার করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বহিষ্কারাদেশের তথ্য সঠিক বলে জানান।

গত ২৯ আগস্ট বিমানবন্দর থানায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে চারজনের বিপক্ষে মামলা করেন মো. সুমন নামে একজন। সেদিন রাতেই বিমানবন্দর এলাকা থেকে আল-আমিন শান্ত ও আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য দুই আসামি হলেন রিপন হোসেন ও রানা হোসেন রুবেল।

সর্বশেষ সর্বাধিক পঠিত