সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : জামালপুর : জামালপুরে বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পরে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রাতে নেত্রকোনা কেন্দুয়া সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশার চালক ওয়াজিদ মিয়া (৪০) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। নিহত দুজন হলেনÑ হিরা মিয়া (২৮) ও সফিউর রহমান শুভ (২৩)। হিরা নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আর শুভ রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে।
ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছে। ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন স্থানে বালিপাড়াগামী একটি ট্রাক ও জেলার নান্দাইল থেকে ছেড়ে আসা ত্রিশালগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ইমরান হোসেন (৩৬) ও অজ্ঞাত একজন মহিলা (৪০) নিহত হয়। নিহত ইমরান হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারার কান্দা গ্রামে। আহতদের এলাকাবাসী প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কায় সাদবিন হোসেন (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হোসেন (২৩) নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। গত রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মুজা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদবিন হোসেন সৈয়দপুর শহরের ইসলামবাগ (চিনি মসজিদ) এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে ও নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। জানা যায়, রাতে সাদবিন ও তার বন্ধু ফুয়াদ সৈয়দপুর বাংলা হাই স্কুলে অনুষ্ঠিত সারকারে মাদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক সুন্নি মাহফিলে অংশ নেন। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মুজা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাদবিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে আহত হয়ে সাফিয়া খাতুন (৪) নামে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার দুপুরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে গত রবিবার জোনাইল-নগর সড়কের চৌমুহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের ইউনুস আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান জানান, রবিবার দুপুরে শিশুটির পিতা রাস্তার পাশে পাট শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। তখন শিশুটি তার বাবার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান রাস্তায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে শিশুটিকে চাপা দেয়।
গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে গাজীপুর থেকে নাটোরগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স আসছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।