রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি ডিজির সাক্ষাৎ

চোরাচালান, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

চোরাচালান, মাদক পাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কাজের প্রশংসা করেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। বিজিবি মহাপরিচালক এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত