দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ইয়াবাসহ আটক ৩

মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতিতে দেওয়ানগঞ্জ সীমান্তে রাতভর অভিযান; উদ্ধার ১০৯ বোতল ভারতীয় মদ ও ১৪ পিস ইয়াবা।

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে সীমান্ত এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পাথরের চর বিওপির একটি দল ১০৭৮ নম্বর সীমান্ত সংলগ্ন মধ্যেরচর এলাকায় অভিযান চালিয়ে মালিকহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই বিওপির অন্য একটি অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

একই রাতে খেওয়ার চর বিওপির বিজিবির আরেকটি দল সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ আলামিন ও লিমন মিয়া নামে আরও দুই মাদক কারবারিকে আটক করে। সব মিলিয়ে অভিযানে ১০৯ বোতল মদ এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার হয়।

বিজিবি জানিয়েছে, এসব মাদক উদ্ধার ও আটকের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, চোরাচালান রোধ ও সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান জোরদার রাখা হয়েছে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিজিবি মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত