সারের সংকট নেই, বিদ্যুৎ, গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে। তবে এসব সংকট থাকবে না, খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হয়ে যাবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও র্যালীসহ নানা কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে র্যালী বের করে শহর পদ দক্ষিণ করা হয়।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন,শহর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।
জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় সকাল ৮ টায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার বেদিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।