জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বুধবার (২২ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার রেল কলোনী এবং পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম ও মো: বাদল মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ এ্যাম্পুল ইনজেকশন জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোঃ খায়রুল ইসলাম খোকন (৩০), মো: সাইফুল (২৫), ফরহাদ মন্ডল (৩৫) ও বেলি বেগম (৪৫)।
অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আসামীদের ৩ মাস, ১৫ দিন ও ৭ দিনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
এসব তথ্য নিশ্চিত করে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ জানান, মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।