রাজবাড়ীতে পুলিশের সামনে নারীকে লাথি, গ্রেপ্তার ৩

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

রাজবাড়ীতে পুলিশের সামনে নারীকে লাথি মারার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজবাড়ী পৌরশহরের লক্ষীকোল ধুনচী এলাকার জলিল প্রামাণিকের ছেলে হেলালউদ্দিন (৩৮), জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম (১৯) ও আঠাশ কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. নুরুল হোসেন (১৯)। 

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী আস্থা পোশাকের মালিক জাকিয়া সুলতানার এক কর্মচারীর হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় গ্রেপ্তার আসামিরা তার উপর অতর্কিত হামালা চালায়। এই ঘটনায় মঙ্গলবার জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আর ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ব্যবসায়ীক বিরোধের জের ধরে জাকিয়া সুলতানা নামের এক নারীকে পুলিশের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনায় অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্যোগ প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত