রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরী ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তার নানাবাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে  মুমু কুরাপাড়া রেলগেট এলাকায়  ঘোরাফেরা করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে  পৌঁছালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত