আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে আরও কার্যকর ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির

আলোচনাকালে রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে উল্লেখ করেন। 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
মাঠ পর্যায়ে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক ও জনমুখী কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সাক্ষাৎকালে সাম্প্রতিক গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে আনসার বাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বাহিনীর আধুনিকায়নে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্তি বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে আনসার সদস্যদের বিদেশে কর্মসংস্থান উপযোগী করতে বিদেশি ভাষা, কারিগরি জ্ঞান ও আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্মত প্রশিক্ষণের নির্দেশনা দেন।

আলোচনাকালে রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে উল্লেখ করেন। তিনি আনসার ব্যাটালিয়ন গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বাহিনীর আধুনিকায়ন, আইনি কাঠামো তৈরি ও 'আনসার ব্যাংক' প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন ও ক্রীড়া-সংস্কৃতিতে বাহিনীর অগ্রগতির প্রশংসা করে তিনি ভবিষ্যতে এ ধরনের টেকসই কার্যক্রম প্রসারের নির্দেশ দেন এবং বাহিনীর সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির দপ্তর থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এর আগে আনসার ও ভিডিপি মহাপরিচালক নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন। তিনি বাহিনীর বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন—সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণে ডাটাবেজ তৈরি, প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্রঋণ বিতরণ, কারিগরি প্রশিক্ষণ এবং নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তৃতভাবে অবহিত করেন। বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত