সরকারি নিবন্ধন পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হলো নতুন সম্ভাবনার দ্বার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করেছে চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন কক্সবাজার ফিল্ম সোসাইটি। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের সেন্সর সার্টিফিকেশন বোর্ড কর্তৃক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাহেদের কাছে নিবন্ধন সার্টিফিকেট হস্তান্তর করা হয় ( নিবন্ধন নং -এফ সি ০৯)। সরকারি এই নিবন্ধনকে সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ও স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে কক্সবাজারে সুস্থধারার চলচ্চিত্রচর্চা, মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব আয়োজন এবং নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের দক্ষতা উন্নয়নে আরও পরিকল্পিত ও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। 

কক্সবাজার ফিল্ম সোসাইটির সভাপতি মোহাম্মদ সাহেদ জানান, দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল চেতনা ধারণ করে কক্সবাজারে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ঘটানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি স্থানীয় তরুণদের চলচ্চিত্র নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য, নির্দেশনা ও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নেওয়া হবে নানা উদ্যোগ। সভাপতি আরো বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ কক্সবাজার ফিল্ম সোসাইটির জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কক্সবাজারের তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল চলচ্চিত্রচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।’ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী আরিয়ানা ইফতি বলেন, ‘কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য নয়, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল মানুষের জন্যও সম্ভাবনাময় একটি জনপদ। চলচ্চিত্রচর্চার মাধ্যমে এখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনসংগ্রামকে দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরার ব্যাপারে কক্সবাজার ফিল্ম সোসাইটি কাজ করবে।’

নেতৃবৃন্দরা জানান, নিবন্ধন লাভের পর সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে দেশি-বিদেশি মানসম্মত চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব আয়োজন, চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও কর্মশালা, চলচ্চিত্র আলোচনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং নতুন চলচ্চিত্রকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে কক্সবাজারে চলচ্চিত্রচর্চার পরিধি আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজার ফিল্ম সোসাইটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করায় সংগঠনটির সদস্য, চলচ্চিত্রপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ কক্সবাজার ফিল্ম সোসাইটিকে অভিনন্দন জানিয়েছেন এবং এর সফল ও কার্যকর পথচলা কামনা করেছেন। উল্লেখ্যঃ কক্সবাজারে এপর্যন্ত সরকারের নিবন্ধিত বৈধ সংগঠনের সংখ্যা দুটি। একটি কক্সবাজার ফিল্ম ক্লাব অপরটি কক্সবাজার ফিল্ম সোসাইটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত