ইংলিশ কাউন্টি ক্রিকেটের মৌসুমের শেষভাগে এসে বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদের পর আরও এক বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব। কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ২ থেকে প্রমোশনের লড়াইয়ে পেস আক্রমণ শানাতে ক্যানটারবারিতে যোগ দিয়েছেন ডানহাতি পেসার খালিদ আহমেদ।
কেন্টে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী এই পেসার বলেন, “কাউন্টি ক্রিকেট খেলা এবং কেন্টের মতো বড় ইতিহাসের একটি ক্লাবে যোগ দেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। মৌসুমের এই সময়টা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কেন্টকে ডিভিশন ২ থেকে প্রমোশন অর্জনে সাহায্য করতে আমি শতভাগ উন্মুখ হয়ে আছি।”
বাংলাদেশি সতীর্থ হাসান মাহমুদ ও এজেন্টের পরামর্শে কেন্টে আসার সিদ্ধান্ত এক বাক্যেই নিয়েছেন জানিয়ে খালিদ আরও যোগ করেন, “খবরটা শোনামাত্রই ‘হ্যাঁ’ বলাটা আমার জন্য একদম সহজ সিদ্ধান্ত ছিল। হাসান এবং আমার এজেন্ট—দুজনেই কেন্টের চমৎকার পরিবেশ এবং এটিকে একটি 'ফ্যামিলি ক্লাব' হিসেবে আখ্যা দিয়ে অনেক প্রশংসা করেছে। আমি আশা করি, কেন্টের সমর্থক ও সদস্য ছাড়াও বাংলাদেশে আমাদের ভক্তদের আমি গর্বিত করতে পারব।”
কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক খালিদের আগমন নিয়ে বলেন, “হাসানের সাথে সেপ্টেম্বরের এই লড়াইয়ে খালিদকে ক্যানটারবারিতে পেয়ে আমরা আনন্দিত। মৌসুমের শেষ মুহূর্তের ম্যাচগুলোতে দলের পেস আক্রমণ শক্তিশালী করতে ও বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সুযোগ বাড়াতেই আমরা তাঁকে দলে এনেছি। হাসানের পর খালিদের আগমনে বাংলাদেশি সমর্থকদের যে উদ্দীপনা দেখছি, তা ক্লাবের জন্য সত্যিই ইতিবাচক।”
২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া খালিদ আহমেদ ৭০ ম্যাচে ১৯০টি উইকেটের মালিক। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৮ টেস্টে ৩৪টি উইকেট শিকার করেছেন তিনি।
আগামীকাল বুধবার থেকে ক্যানটারবুরিতে ওস্টারশায়ারের বিপক্ষে শুরু হতে যাওয়া কেন্টের পরবর্তী ম্যাচেই কেন্টের জার্সিতে হাসান মাহমুদের পাশাপাশি খালিদ আহমেদকে অ্যাকশনে দেখা যেতে পারে।