চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযুক্তের অস্বীকার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় না নিয়ে বিরোধপূর্ণ জমির নামজারি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। তবে অভিযুক্ত এসিল্যান্ড অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, তাকে ফাঁসানো হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙ্গর রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংক্ষুব্ধ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ সলিমুল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো নামজারিসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার ১০৪০ খতিয়ানের ৩১৮ দাগের পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি নিয়ে চন্দনাইশ সিভিল জজ আদালতে ‘অপর মামলা-৩৪/২০২৫’ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রামের কার্যালয়ে ‘নামজারি জমাভাগ আপিল নং-১৫৪/২০২৬’ বিচারাধীন রয়েছে।

মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, মামলা চলমান থাকায় জমিটি যাতে অন্য কারও নামে নামজারি না হয়, সে বিষয়ে গত ২ আগস্ট এসি ল্যান্ড কার্যালয়ে লিখিত আপত্তি দেওয়া হয়। তার অভিযোগ, তহশিল অফিস বা উপজেলা ভূমি অফিসে প্রতিপক্ষের নামজারির কোনো বৈধ আবেদন না থাকা সত্ত্বেও গত ৩০ আগস্ট ‘২০২৬-১০০০৯৩’ নম্বর নামজারি খতিয়ান মঞ্জুর করা হয়েছে।

তিনি দাবি করেন, অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে ওই নামজারি করা হয়েছে। এ ঘটনায় নামজারি বাতিলের পাশাপাশি অভিযুক্ত এসিল্যান্ড ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। তিনি বলেন, দুই পক্ষের শুনানি করে তহশিল ও সার্ভেয়ার রিপোর্ট অনুযায়ী বিচার-বিবেচনা করেই নামজারি দেওয়া হয়েছে। মামলা থাকলেও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। মামলা চলমান থাকলেও নামজারি দেওয়া যায়।

তার দাবি, তাকে ফাঁসানোর জন্য মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত