স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।  তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী এরই মধ্যে এলাকাগুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে।  আমরাও  রিপোর্ট পাঠাবো, তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নিবেন। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবেনা, তাকে তো আমরা মনোনয়ন দিবো না।  মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে, মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায়  নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা থেকে জেলা দৌঁড়াচ্ছি।  প্রত্যেকটা জেলার তিন থেকে চারটা হাসপাতাল পরিদর্শন করেছি। আমি গেলে ডাক্তারদের শতভাগ উপস্থিত পাচ্ছি, ছাড়পোকার সমাধান হচ্ছে ও  পরিষ্কার পরিচ্ছনতা বৃদ্ধি পাচ্ছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হচ্ছে।  আগামী এক বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন হবে।

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও   সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এড. আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা,  উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,  পৌর যুবদলের আহবায়ক আ: সামাদ আকন্দ বকুল, সদস্য সচিব মামুম মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর রাকিব, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য মন্ত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত