দেশের মানুষ গত ২০ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বিশেষ করে পিরোজপুরের মানুষ। ফ্যাসিবাদী জনপ্রতিনিধিরা কাজ না করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এমন মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনে আয়োজিত শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্নীতির কারণে বন্ধ থাকা উন্নয়নকাজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে তিন মাস আগেই আমাদের সঙ্গে বসেছিলেন। ইতোমধ্যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পিডি আমাকে জানিয়েছেন, পিরোজপুরের বেশ কিছু কাজের এস্টিমেট ইতোমধ্যে হয়েছে। এগুলো টেন্ডার হবে।
তিনি আরও বলেন, যেসব কাজ বন্ধ ছিল এবং যেসব কাজ সামান্য হয়েছে এসব বিষয়ে আইনগত মতামত নিয়ে কাজ শুরু করা হবে। কোনো কাজ বন্ধ থাকবে না।
আহম্মদ সোহেল মনজুর বলেন,আমরা পিরোজপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শপথ নেন। শপথে বলা হয়, কাউখালী উপজেলা তথা পিরোজপুর জেলায় কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত না হওয়া, জেলাকে মাদকমুক্ত করা, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, নারীদের যথাযথ সম্মান দেওয়া এবং সব ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি দলের সুনাম বৃদ্ধিতে কাজ করা হবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাউখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিমন্ত্রী পিরোজপুরের স্বরূপকাঠির উদ্দেশে রওনা হন।
বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভায় এ সময় কাউখালী উপজেলা বিএনপি এবং অগ্রসরের নেতারা উপস্থিত ছিলেন।