সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, ২ নাবিক নিহত

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেলবাহী জাহাজ ‘সিদর’কে লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানায়।

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

হরমুজ প্রণালীতে সৌদি আরবের একটি তেলবাহী সুপারট্যাংকারে মিসাইল বা ড্রোন হামলায় দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। এ হামলার জন্য তেহরানকে দায়ী করেছে রিয়াদ। 

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন কোম্পানি 'বাহরি' এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসি।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী সৌদি জাহাজ 'সিদর' হামলার শিকার হয়।

 

বাহরি এক বিবৃতিতে জানায়, ওই ঘটনায় তাদের দুই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেলবাহী জাহাজ ‘সিদর’কে লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতেও সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সৌদি সরকার।

প্রায় একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন 'সেনেগাল প্রস্পারিটি' নামের আরেকটি ট্যাংকারেও হামলা চালানো হয়। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর উসকানিতে অননুমোদিত রুট ব্যবহার করার সময় মাইনের সাথে ধাক্কা লেগে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং এর জবাবে প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এই দুর্ঘটনাটি ঘটল। মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত