এশিয়া কাপ হকিতে দুই দফায় এগিয়েও হারল যুবারা 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

ম্যাচে দুবার এগিয়ে ছিল বাংলাদেশ। তবে তাতেও জয়ের মুখ দেখা হলো না লাল-সবুজের হকি যুবাদের। জুনিয়র এশিয়া কাপ মিশন জয় দিয়ে শুরুর সুবর্ণ সুযোগ তৈরি করেও রক্ষণভাগের দুর্বলতায় শেষ পর্যন্ত চীনের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে লড়াই করেও শেষ কোয়ার্টারের ভুলের মাশুল গুণতে হয়েছে দলকে।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। লড়াইয়ের ১২তম মিনিটে শিমুল ইসলামের নিখুঁত স্টিকের ফিল্ড গোলে প্রথমবার এগিয়ে যায় দল। যদিও সেই স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ; মাত্র সাত মিনিট পর ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে খেলায় সমতা ফেরায় চীন।

তবে দমে না গিয়ে দ্বিতীয় কোয়ার্টারে আবারও ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের যুবারা। ২৬ মিনিটে মেহেদী হাসানের দারুণ এক ফিল্ড গোলে স্কোরলাইন ২-১ করে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির আগে এই লিড ধরে রেখেই ডাগআউটে ফিরেছিল দল।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টাতে শুরু করে। রক্ষণভাগের মনোযোগহীনতার সুযোগ নিয়ে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে সমতায় ফেরে চীন। খেলার শেষ কোয়ার্টারে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে আক্রমণ শাণাতে থাকে বাংলাদেশ। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেগুলো কাজে লাগানো যায়নি। উল্টো ৫৩ মিনিটে চীনের সুন জিংরানের গোল সব ওলটপালট করে দেয়। এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং প্রথমবারের মতো ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নেওয়া বাংলাদেশের জন্য এই হার বেশ বড় এক ধাক্কা। ১৯৯৬ সালের সেমিফাইনালে খেলাটাই টুর্নামেন্টে দলটির এখন পর্যন্ত সেরা সাফল্য। এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। আগামী রবিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত