পটুয়াখালীতে তথ্যসচিব

জলবায়ু ঝুঁকির খবর আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতার পাশাপাশি নিরাপদ পানির সংকটও তৈরি হচ্ছে। এসব ঝুঁকি ও এর প্রভাব মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের জলবায়ু বিষয়ে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। গতকাল শুক্রবার সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে মানুষের স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পানি, বসতি, অর্থনীতি ও জীবিকার সম্পর্ক রয়েছে। তাই জলবায়ু নিয়ে সংবাদ প্রকাশের সময় শুধু ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরলে হবে না। সংকটের কারণ, ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা, স্থানীয়ভাবে নেওয়া অভিযোজন উদ্যোগ, সরকারি পদক্ষেপ এবং সম্ভাব্য সমাধানও প্রতিবেদনে গুরুত্ব পেতে হবে। তিনি বলেন, উপকূল ও প্রান্তিক এলাকার মানুষের অনেক সমস্যা জাতীয় পর্যায়ের আলোচনায় যথাযথভাবে আসে না। গণমাধ্যম দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে এসব মানুষের কথা তুলে ধরতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত