জনগণের কাছে সুপেয় পানি পৌঁছানো দায়িত্ব : অর্থমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

জনগণের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছানো সরকারের সেবা নয়, দায়িত্ব বলে মন্তব্য করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের একার পক্ষে সবসময় জনগণের পানির চাহিদা পূরণ করা কঠিন। তাই বেসরকারি প্রতিষ্ঠানকে এসব কাজে নিয়োজিত করা হচ্ছে। এর ফলে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে, জনচাহিদা পূরণ ও উন্নয়নকাজ ত্বরান্বিত হয়।

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে গতকাল শুক্রবার নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

তিন বছর মেয়াদি সমঝোতা স¥ারকের আওতায় এ তিনটি পক্ষ যৌথভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষা করবে। নগরীর ঘনবসতিপূর্ণ ৪০ ও ৪১নং ওয়ার্ডকে এ কাজের পাইলটিং হিসেবে ধরা হয়েছে। এ দুটি ওয়ার্ড অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।

নিজ সংসদীয় এলাকার দুটি ওয়ার্ডে পাইলটিং প্রকল্প নেওয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ওয়াসা এবং ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি এ ধরনের প্রথম আনুষ্ঠানিক সহযোগিতা, যা দেশের পানি সরবরাহ খাতের জন্য একটি নতুন বেঞ্চমার্কের সূচনা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত