আড়াই কেজির রাজা ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম

ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থল সাগর মোহনায় জেলে মিরাজ মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’। পরে মাছটি ভোলার ইলিশা তালতলি মাছঘাটে উন্মুক্ত নিলামে বিক্রি হয় ১২ হাজার ৯০০ টাকায়। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার ইলিশা তালতলি মাছঘাটে নাগর হাজারির আড়তে মাছটির নিলাম হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন ব্যাপারী।

আড়তদার ও স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে সাগর মোহনায় অন্যান্য মাছের সঙ্গে মিরাজ মাঝির জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। গতকাল মাছ ধরা শেষে জেলেরা ইলিশা ঘাটে ফিরলে মাছটি আড়তে নেওয়া হয়। পরে উন্মুক্ত নিলামে মাছটি ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।

আড়তদার নাগর হাজারি বলেন, আড়তে সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। আমার মনে হচ্ছে, এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। ঘাটের প্রায় সব আড়তদারই মাছটি কেনার জন্য নিলামে অংশ নেন। মাছটির ক্রেতা লোকমান হোসেন ব্যাপারী বলেন, সর্বোচ্চ দামে মাছটি কিনেও মনে হচ্ছে জিতেছি। অন্যান্য মাছের সঙ্গে এটি মাওয়া ঘাট বা অন্য কোনো বাজারে পাঠাব। আশা করছি, প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।

সর্বশেষ সর্বাধিক পঠিত