যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমরান ও জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। জাকারিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তার স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রাতে গ্যারেজের সামনে ইমরানসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইমরানের মাথায় গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাকিব জানান, এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত