খুলনা সিটি কর্পোরেশনের বাজেট প্রদান অনুষ্ঠানে বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব আয়ে খুলনা মহানগরীকে একটি উন্নত, পরিচ্ছন্ন, সবুজ ও স্বস্তিদায়ক নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য কেসিসির প্রশাসক ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার নতুন বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৭১৯ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার টাকা। যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ৯৭ লক্ষ ২১ হাজার টাকা। এই বাজেটের নিজস্ব তহবিলের অর্জনের হার ৭১.৭০ ভাগ এবং উন্নয়ন তহবিলের অর্জনের হার ৩৮. ৫২ ভাগ। নতুন বাজেটের আকার গত অর্থবছরের বাজেটে তুলনায় ১১৭ কোটি ৭১ লক্ষ ২৯ হাজার টাকা কম।
তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং কয়েকটি প্রকল্পের কাজ শেষ হওয়ার কারণে বাজেটের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব হয়নি। তারপরও মোট বাজেটের অর্জনের হার ৪৭. ১২ ভাগ।
কেসিসি প্রশাসক বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেটের প্রস্তাব করা হয়েছে ৬০১ কোটি ৭৯ লক্ষ ৭ হাজার টাকা। এরমধ্যে রাজস্ব তহবিলে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লক্ষ ৫ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লক্ষ ১৭ হাজার টাকা।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারি অনুদান দ্বিতীয় অংশে ধরা হয়েছে ১৫৭ কোটি ৬২ লক্ষ টাকা। ২০২৪ ২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ কম হওয়ার কারণ খুলনা শহরের গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়ন ৬০০ কোটি টাকা। এই প্রকল্পটি ২০২৫ সালে জুন মাসে শেষ হয়েছে। খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ৮০০ কোটি টাকা। এই প্রকল্পটি শেষ হওয়ার পথে। উন্নয়ন তহবিল বিশেষ প্রকল্পে ৭৯ কোটি ৪৬ লক্ষ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশনের নিয়মিত মাস্টার রোল ও আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রভৃতি ব্যয় মিটিয়ে নিজস্ব তহবিলতে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এর মধ্যে পূর্ত খাত এমবিডিএফ অবকাঠামো তৈরির সড়ক বাতি, শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি, সমাজ কল্যাণ জনস্বাস্থ্য ইত্যাদি খাতে ৫৫ কোটি ২৬ লক্ষ ৫৬ হাজার টাকা ও মেরামত রক্ষণাবেক্ষণ খাতে ১৮ কোটি ৯ লক্ষ টাকা এবং মূলধন খাতে ৫ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সব থেকে আসার কথা হল খুলনা সিটি কর্পোরেশন নিজের উপর নির্ভরশীল।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, ওয়াসা চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু