খুলনা নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খালিশপুর থানার গোয়ালখালী নেসারিয়া মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। সে খালিশপুর এলাকার ওসমান খন্দকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হামিদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহাজাহান আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতাল থেকে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ মোটরসাইকেল চালককে খুঁজে বের করার জন্য তৎপরতা চালাচ্ছে।