সরকারের প্রস্তাবিত আমদানি নীতিতে নিট ফেব্রিক আমদানির ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত বহাল থাকলে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটি সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। গতকার সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবিএ সভাপতি মো. আব্দুল হামিদ এ দাবি জানান।
সংগঠনটি বলছে, প্রস্তাবিত বিধিনিষেধ বর্তমান অবস্থায় বহাল থাকলে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা, দ্রুত অর্ডার বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
একই সঙ্গে চূড়ান্ত নীতি প্রণয়নের আগে বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে কার্যকর আলোচনা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির মতে, দেশীয় টেক্সটাইল শিল্পের বিকাশ ও সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। তবে তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, ক্রেতার নির্দিষ্ট চাহিদা, পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের বিষয়টিও সমানভাবে বিবেচনা করতে হবে।
বিজিবিএ বলছে, সব ধরনের নিট ফেব্রিক সবসময় দেশীয়ভাবে প্রয়োজনীয় মান, বৈচিত্র্য, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, পরিমাণ ও প্রতিযোগিতামূলক মূল্যে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ক্রেতার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বিশেষায়িত ফেব্রিক আমদানি ছাড়া রপ্তানি অর্ডার বাস্তবায়ন সম্ভব হয় না।