রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর এই মেলার কার্যক্রম চলবে। দেশের পর্যটন খাতের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনের মেলায় অংশ নেবে ২০ দেশ। গতকাল সোমবার বিমানবন্দরে ক্রাউন প্লাজায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
মোহাম্মদ হানিফ বলেন, আন্তর্জাতিক পর্যটন খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণ বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার, ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারের সঙ্গে পর্যটন অংশীদারি সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবে। চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি বুথ ও স্টলের মাধ্যমে এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটরসহ ২২০টির বেশি প্রদর্শক তাদের পর্যটন পণ্য ও সেবা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। দেশে বিদেশি পর্যটক কাক্সিক্ষত হারে না বাড়ার বিষয়ে কিছু জটিলতা আছে। তবে টোয়াব সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে পর্যটন খাতের বিকাশে কাজ করবে।
আয়োজকরা জানান, টানা ১৩টিরও বেশি সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের মেলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক ক্ষেত্র তৈরি এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের মধ্যে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইন ইতিমধ্যে মেলায় তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটররা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। মেলার সার্বিক সহযোগিতায় থাকবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করলে দেশে আরও বিদেশি পর্যটক বাড়বে। এই মেলা দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাত এগিয়ে নেবে। আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস শিগগিরই ব্রুনাই, বাহরাইন, কুয়েত, সালালা, পেনাং ও জোহর বাহরুর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে লন্ডন, রোম, নিউইয়র্ক ও টরন্টোর মতো দীর্ঘপথের আন্তর্জাতিক রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।