নরসিংদীর রায়পুরা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হান্নান মিয়া ওরফে ‘অস্ত্র হান্নান’ (৪০) এবং তার সহযোগী নুরুল ইসলামকে (৩৮) রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হান্নান মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় তিনটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা ও একটি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার বলেন, মঙ্গলবার দুপুরে রায়পুরা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নিলক্ষা ইউনিয়নের বাসিন্দা হান্নান মিয়া ও মির্জাচর ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলাম রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
তিনি আরও বলেন, এলাকায় হান্নান মিয়া ‘অস্ত্র হান্নান’ নামে পরিচিত। গত জুন মাসে উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাল মুন্সি ও নাজিমুদ্দিনের অনুসারীদের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া নামে এক যুবক নিহত হন। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন হান্নান মিয়া।
হান্নান মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় তিনটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, একটি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। অভিযানের সময় হান্নানের সঙ্গে থাকা আরেক সন্ত্রাসী নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। এ সময় সংবাদ সম্মেলনে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
খুলনায় বি কোম্পানির ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
পিরোজপুরে অস্ত্র ও ককটেলসহ ডাকাত সর্দার গ্রেপ্তার