ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হাসপাতালে ১৫৭১ জন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৫ হাজার ৪৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৮ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে। এছাড়া খুলনায় ২৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, বরিশাল বিভাগে ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, রাজশাহীতে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। সবচেয়ে বেশি রোগী খুলনা বিভাগে। এ বিভাগে ভর্তি হয় ৭ হাজার ২৯৮ জন। এছাড়া ঢাকা বিভাগে ৬ হাজার ৯৬৬ জন, বরিশাল বিভাগে ৬ হাজার ৮১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৭২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫ হাজার ৮২৫ জন, উত্তর সিটিতে ৫ হাজার ৪২৩ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৫৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৪৯৯ জন, রংপুর বিভাগে ১ হাজার ১৬৮ জন, এবং সিলেট বিভাগে ২০৬ জন।

এখন পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ৪৩ জন, খুলনা বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬ জন, বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মৃত্যু হয়েছে।

চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্র ভিন্নÑ মোট মৃত্যুর ৫৫.৪ শতাংশ নারী এবং ৪৪.৬ শতাংশ পুরুষ। বছরের হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ২১-২৫ বছর বয়সী ৬ হাজার ৫৫২ জন। এরপর ২৬-৩০ বছর বয়সী ৬ হাজার ৫৩৮ জন এবং ১৬-২০ বছর বয়সী ৬ হাজার ১৮৭ জন। অর্থাৎ মোট আক্রান্তের বড় অংশই তরুণ ও কর্মক্ষম বয়সী জনগোষ্ঠী। অন্যদিকে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬-৩০ বছর বয়সী ১৯ জনের। এছাড়া ৩১-৩৫ বছর ও ৩৬-৪০ বছর বয়সীÑ উভয় গ্রুপে ১৩ জন করে এবং ২১-২৫ বছর বয়সী ১০ জন মারা গেছেন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের আগস্ট মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরুতেই আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬২৯ ছাড়িয়েছে। জুলাইয়ে আক্রান্ত ছিলেন ৯ হাজার ২০৬ জন, জুনে ২ হাজার ৯০৭ জন এবং মে মাসে ৭১৪ জন। আগস্টে মৃত্যু হয় বেশি ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন। সেপ্টেম্বরের প্রথম ৮ দিনেই মারা গেছেন ৩৩ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত