ঢাকার আকাশ আজ বুধবার (৯ সেপ্টেম্বর) অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূর্যাস্ত হবে আজ সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।