রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
রুলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। তা জানতে চেয়েছে হাইকোর্ট।
গত ২৬ জুলাই ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে (প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা) সভাপতি করে চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরে এ অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে গত মাসে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এর ধারাবাহিকতায় আবেদনটি শুনানির পর্যায়ে আসে। আবেদনের পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি কিংবা ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী দুইবারের বেশি অ্যাডহক কমিটি গঠনে বিধিনিষেধ রয়েছে। আইনে আছে, কেউ দুইবারের বেশি সভাপতি বা সদস্য হতে পারবেন না। কিন্তু ইসমাইল জবিউল্লাহ পরপর তিনবার গভর্নিং বডির সভাপতি হয়েছেন।’ তিনি বলেন, ‘হাইকোর্ট আমাদের বক্তব্য শুনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ভিকারুননিসায় অ্যাডহক কমিটি কেন বাতিল করা হবে না, এ মর্মে রুল দিয়েছেন আদালত।’