ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে চসিকের বিশেষ অভিযান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ এএম
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ঠেকাতে বিশেষ মশক নিধন অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত এই কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে কাজ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
 
চসিক সূত্র জানায়, অভিযানের অংশ হিসেবে বুধবার নগরীর ২ নম্বর জালালাবাদ ও ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নালা-নর্দমা, ডোবা, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জমিতে জমানো পানিতে লার্ভিসাইড (মশার কীট ধ্বংসের ওষুধ) ছিটানো হয়। পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থান ঘুরে মশার সম্ভাব্য প্রজননক্ষেত্রগুলো চিহ্নিত করে তা নষ্ট করেন।
অলিগলিতে ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করতে সচেতনতামূলক প্রচার চালানো হয়। কোনো স্থানে যেন পানি জমে না থাকে এবং বাসাবাড়ির আঙিনা যেন পরিষ্কার রাখা হয়, সে বিষয়ে বাসিন্দাদের তাগিদ দেন চসিক কর্মী ও স্থানীয় প্রতিনিধিরা।
 
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, কেবল ওষুধ ছিটানোর ওপর নির্ভর করে মশাবাহিত রোগের বিস্তার ঠেকানো সম্ভব নয়। পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নগরবাসীর নিজস্ব সচেতনতা ও অংশগ্রহণ না থাকলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।
 
অভিযানে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং পরিচ্ছন্নতা কর্মকর্তা আবু তাহের উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত