জাপানের সঙ্গে সেমিতে ওঠার লড়াই মেয়েদের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

জুনিয়র এশিয়া কাপ হকিতে একই দিনে বাংলাদেশের নারী ও পুরুষ দলের দুই রকম অভিজ্ঞতা। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান আসরে নারী দল হংকংকে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ জয় নিয়ে। অন্যদিকে পুরুষ অনূর্ধ্ব-২০ দল নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে।

নারী দলের জয়টি এসেছে দারুণ দাপুটে। চ্যালেঞ্জার পুলের ম্যাচে হংকংকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এর আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করা বাংলাদেশ চার ম্যাচে চার জয়ে শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। হুলুনবুইর সিটিতে ম্যাচের শুরু থেকেই হংকংয়ের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। ১৯ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। ২৬ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর ৩১ মিনিটে মোসাম্মত লিমা গোল করলে ব্যবধান হয় ৪-০। দুই মিনিট পর, ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আইরিন রিয়া। ম্যাচের ৪৮ মিনিটে আবারও গোল করেন লিমা। তাতে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই ম্যাচ শেষে চার ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন অধিনায়ক শারিকা রিমন। পাঁচ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আইরিন রিয়া।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এলিট পুলের তৃতীয় দল জাপান। শেষ আটের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের নারী দলের।

অন্যদিকে পুরুষ অনূর্ধ্ব-২০ দলের গ্রুপ পর্ব শেষ হয়েছে হারে। গতকাল নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। নবম মিনিটে রানা ওয়ালিদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান। তিন মিনিট পর, ১২তম মিনিটে আবারও গোল করেন তিনি। ফলে প্রথম কোয়ার্টার শেষেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে নিজেদের রক্ষণ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। পাকিস্তানের আক্রমণ ঠেকানোর পাশাপাশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি তারা। শেষ কোয়ার্টারে ৫২ মিনিটে মোস্তফা গুলামের ফিল্ড গোলে পাকিস্তানের ব্যবধান হয় ৩-০। এরপর আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অবশ্য                কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে জয়ের দেখা পেয়েছিল তারা। তবে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে আবারও পরাজয়ের স্বাদ পেল মওদুদুর রহমান শুভর দল। গ্রুপ পর্বে প্রত্যাশিত ফল না পেলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। পঞ্চম থেকে অষ্টম স্থাননির্ধারণী ম্যাচে শুক্রবার জাপানের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব-২০ পুরুষ দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত