ফেনীর ছাগলনাইয়ায় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে পুলিশ। এসব মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমূড়া গ্রামের ঈদগাহের উত্তরের সড়কে অভিযান চালিয়ে এসব শাড়ি-কাপড় জব্দ করা হয়। একই সময় জড়িত তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুরের মইনুল হাবিবের ছেলে জয়নাল হোসেন জুনায়েদ (৩০), দক্ষিণ আধারমানিকের মৃত শাহজাহানের ছেলে সাজ্জাদ হোসেন অভি (২০) এবং পূর্ব মধুগ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর ছেলে মাইনউদ্দিন মাছুম (২৬)।
পুলিশ জানায়, ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ফেনী-ড-০৮৩৮ নম্বরের একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি ও কাপড়ের ৩৫ গাইট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সীমান্তপথে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি-কাপড় ফেনী নদী দিয়ে বোটে করে পার করে পিকআপে তোলা হয়। পরে এসব মালামাল চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আটক ব্যক্তিরা চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে।