হাইকোর্টের রায়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে কর দিতে হবে ৬৬৬ কোটি টাকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

গ্রামীণ কল্যাণকে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ। 

এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট একই বেঞ্চ এ বিষয়ে রিট খারিজ করে রায় দিয়েছিলেন।

পরে হাইকোর্টের একই বেঞ্চ ওই রায় প্রত্যাহার করে নেন। কারণ হিসেবে বলা হয়, বেঞ্চের কনিষ্ঠ বিচারক একসময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এ কারণে রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। এরপর মামলাগুলো শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।

ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন। পুনর্মূল্যায়নের পর ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬ ও ২০১৬–১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর বাবদ প্রদেয় অর্থের দাবি জানানো হয়। এ দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক রিট করে গ্রামীণ কল্যাণ।

২০২৪ সালে রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর বাবদ ৬৬৬ কোটি টাকার বেশি দাবি করেছে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত