বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।
এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আংশিক শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করে সর্বোচ্চ আদালত। এ মামলায় আসামিদের ২২টি ক্রিমিনাল আপিল ও ১৬টি ক্রিমিনাল পিটিশনের ওপর শুনানি হচ্ছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। ঘটনাটি দেখে ফেলায় অপহরণের শিকার হন নজরুলের আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিম। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়টি লাশ ভেসে ওঠে। পরদিন নদীতে আরও একটি লাশ পাওয়া যায়।
নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের মামলায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (পরে বরখাস্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়। দণ্ডপ্রাপ্তদের বেশির ভাগই তখন র্যাবে (এখন এসআরবি) কর্মরত ছিলেন।
অধস্তন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাগারে থাকা আসামিরা হাইকোর্টে আপিল করেন।
একই বছরের ২২ আগস্ট ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি নিয়ে রায় দেয় হাইকোর্ট। এ রায়ে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ ও রানাসহ ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল ও অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল থাকে। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন। এর ধারাবাহিকতায় সর্বোচ্চ আদালতে আপিলের ওপর শুনানি শুরু হলো।