ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবাগত ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে এএসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় শরিফুলের কাছ থেকে ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।